দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে প্রায় এক কোটি টাকার উন্নয়নমূলক কাজের কথিত ‘ভাগবাটোয়ারা’ নিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দেওয়ায় শাহ শামসুদ্দোহাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি।
শাহ শামসুদ্দোহা ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ শুক্রবার (২৮ আগস্ট) ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সবুজ স্বাক্ষরিত নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, শাহ শামসুদ্দোহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ভবানীগঞ্জ ইউনিয়নে প্রায় এক কোটি টাকার উন্নয়নমূলক কাজের কথিত ‘ভাগবাটোয়ারা’ প্রসঙ্গে প্রকাশ্যে বক্তব্য ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি ইউনিয়ন বিএনপির দৃষ্টিগোচর হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, তিনি ইউনিয়ন বিএনপির একজন দায়িত্বশীল পদধারী নেতা হওয়ায় দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক সৌহার্দ্য ও দলের ভাবমূর্তি রক্ষায় তার বক্তব্য ও কর্মকাণ্ডে অধিকতর দায়িত্বশীলতা প্রত্যাশিত। তার বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি, সাংগঠনিক শৃঙ্খলা ব্যাহত এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, কী কারণে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে ইউনিন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সবুজ স্বাক্ষর করেছেন।