দিগন্তের আলো ডেস্ক:-
লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১৭০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাকচর ফরাজি বাড়ির বাহারের ছেলে হাসান ওরফে শান্ত ও আলমের ছেলে শরিফ।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হাসান ওরফে শান্তর হেফাজত থেকে একটি একনলা দেশীয় তৈরি বন্দুক, একটি চাইনিজ কুড়াল, একটি কালো বেসবল ব্যাট, একটি টিপ ছুরি এবং একটি নীল জিপারের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া শরিফের হেফাজতে থাকা একটি নীল জিপারের ভেতর থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমী।