দিগন্তের আলো ডেস্ক:-
লক্ষ্মীপুরে জাকির হোসেন জুয়েল(৩৫) নামে এক যুবককে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে তিনি এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত। রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগানে এঘটনা ঘটে। পরে সুপারী বাগান থেকে নিহত জাকির হোসেন জুয়েলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মাদক কারবার নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদকের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগানে জুয়েলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত জুয়েলের মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে জুয়েল মাদক কারবারীর সাথে জড়িত রয়েছে। সম্প্রতি মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগ শেষে জামিনে বের হয়ে আসেন। মাদক কারবারির বিরোধ নিয়ে জুয়েলকে গলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর বাগানে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কয়েকদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিল। মাদক নিয়ে দ্বন্দ্বেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিতসহ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।