স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, মারধরের পর বৃদ্ধের মৃত্যু

কমলনগর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মারধরের শিকার হয়ে ফজলে আলী হাজারি (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজলে আলী হাজারি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোহাম্মদ মাহফুজ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। মাহফুজ স্থানীয় আবু তাহেরের ছেলে। ঘটনার পর অভিযুক্ত আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ দেলোয়ার মাহমুদ (২০) ও জেরিন (১৮) সম্পর্কে আগে প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। তবে প্রায় ছয় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর দেলোয়ার তাঁর সাবেক স্ত্রীকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেরিনের আত্মীয়স্বজনের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

এরই ধারাবাহিকতায় জেরিনের খালাতো ভাই মোহাম্মদ মাহফুজ বটতলী বাজারে তাঁর আত্মীয় ফজলে আলী হাজারির কাছে গিয়ে ভিডিও প্রকাশের বিষয়ে জানতে চান। এ সময় ফজলে আলী হাজারি জানান, দেলোয়ার বর্তমানে বাড়িতে নেই। তিনি বাড়িতে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে মীমাংসার উদ্যোগ নেওয়া যেতে পারে।

এ নিয়ে একপর্যায়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে ফজলে আলী হাজারিকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, আহত ফজলে আলী হাজারিকে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে তাঁকে ভর্তি করা হয়নি বলে জানা গেছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা জানা যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *