দিগন্তের আলো ডেস্ক :-
৯০ কেজি ইলিশ এতিমখানায়, ২ জেলের জরিমানা
লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে জব্দ ৯০ কেজি ইলিশ মাছ ৫টি এতিমখানায় বিতরণ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে দিনব্যাপী সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক দুই জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া জব্দকৃত প্রায় ৯০ কেজি ইলিশ ৫ টি এতিমখানা ও সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়। অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদেরকে অর্থদণ্ড প্রদান করেন।
মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরসহ দেশের ২০ টি জেলার নদ-নদী ও সাগরে ২২ দিন সকল প্রকার মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ৮ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়। ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। এসময় মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।