চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

অপরাদ রামগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের রামগঞ্জে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত ১১টা ৫০ মিনিট থেকে ৩ জুলাই সকাল ৭টার মধ্যে রামগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডীপুর এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ইসমাইল হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

ঘটনার পর রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব চণ্ডীপুর এলাকার বাসিন্দা মো. মনির হোসেন ওরফে মনির (৩২)-কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং চুরি হওয়া স্বর্ণালঙ্কার কোথায় রাখা হয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি স্বর্ণের নেকলেস, একটি স্বর্ণের চিক, এক জোড়া কানের দুল, এক জোড়া কানের টানা, এক জোড়া কানের ঝুমকা, একটি ব্রেসলেট, চারটি স্বর্ণের আংটি, দুটি রুপার কানের রিং এবং একটি হাতঘড়িসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মনির একটি ডাকাতির প্রস্তুতি মামলারও পরোয়ানাভুক্ত আসামি। একই মামলায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *