হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

রায়পুর

দিগন্তের আলো ডেস্ক :-

বহু কষ্টে গড়ে তোলা ব্যবসা ও নিজের সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন লক্ষ্মীপুরের রায়পুরের এক হোটেল মালিক। তাঁর অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে হোটেল দখলের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় এবার বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার বিকেলে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জারিকারক মো. মাসুদ।

পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন—রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু ও রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন। এদিকে, মামলায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, রায়পুর বাজারের প্রধান সড়কে অবস্থিত শাহী হোটেলটি গত ৩ জুলাই দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন হোটেলটির মালিক হাবিব উল্যা। তাঁর অভিযোগ, এ সময় তাঁকে ভয়ভীতি দেখানো হয়।

ঘটনার পর নিজের ব্যবসা ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন হাবিব উল্যা। পরে ৮ জুলাই রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা করেন তিনি। মামলায় ওই ছয়জনকে আসামি করা হয়।

আদালতের জারিকারক মো. মাসুদ জানান, মামলার পর পুলিশ প্রতিবেদন দাখিল করে। সোমবার আদালত বাদী ও সাক্ষীদের বক্তব্য শোনেন। পরে অভিযোগের বিষয়ে শুনানি শেষে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

হোটেল মালিকের প্রত্যাশা, আইনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হবে। একই সঙ্গে নিজের ব্যবসা ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *