দিগন্তের আলো ডেস্ক –
লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবদলের এক সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে জারি করা এক লিখিত নোটিশে জানানো হয়, রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেন (বাবু)-কে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে উপজেলা যুবদলের সদস্য পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানাতে নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সংগঠনের শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ ঘটনার বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন।