সম্পত্তি নিয়ে বিরোধে’ পুত্রবধূদের হামলায় শাশুড়ি-ননদ হাসপাতালে

কমলনগর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের কমলনগরে ওয়ারিশি সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পুত্রবধূ ও নাতির হামলায় ফয়জুননেসা (৮০) নামে এক বৃদ্ধা এবং তার মেয়ে আমেনা বেগম (২৬) আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে| আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে| রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা ফয়জুননেসা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন|

উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ওই বৃদ্ধার দাবি, জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসে থাকা তার দুই ছেলের নির্দেশে তাদের স্ত্রী ও ছেলে শনিবার বিকেলে নিজ বাড়িতে এ হামলা চালায়| এর আগেও তিনি তাদের হাতে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন|

হামলায় অভিযুক্তরা হলেন—বৃদ্ধার দুই পুত্রবধূ জোসনা বেগম, নাইমা বেগম এবং নাতি মো. রিপন (২৬)| জোসনা বেগম প্রবাসী শাহ আলমের স্ত্রী, নাইমা বেগম প্রবাসী ফয়েজ আহাম্মদের স্ত্রী এবং রিপন শাহ আলমের ছেলে|

জানা গেছে, ফয়জুননেসার চার ছেলে ও চার মেয়ে রয়েছে| ২০১৮ সালে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্বামী মো. নুরনবী মারা যান| এর পর থেকে তিনি ছেলেসহ উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার একই বাড়িতে বসবাস করে আসছেন| এর মধ্যে শাহ আলম ও ফয়েজ আহাম্মদ প্রবাসে থাকেন|

গেল কয়েক বছর ধরে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বৃদ্ধার সঙ্গে প্রবাসী দুই ছেলের পরিবারের সঙ্গে বিরোধ চলছে| ঘটনার সময় পুত্রবধূ জোছনা ও নাইমা বৃদ্ধার আবাদ করা সবজি বাগান বিনষ্ট করলে তাদের মধ্যে ঝগড়া বাধে| এর একপর্যায়ে দুই পুত্রবধূ ও নাতি রিপন একত্রিত হয়ে বৃদ্ধার ওপর হামলা চালান| এসময় বেড়াতে আসা বৃদ্ধার ছোট মেয়ে আমেনা বেগম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ওপরও হামলা চালানো হয়| এতে বৃদ্ধাসহ তার মেয়ে আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন |

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা ফয়জুননেসার মেয়ে আমেনা বেগম বলেন, প্রবাসে থাকা তার দুই ভাই মায়ের ভরণপোষণ দিচ্ছে না| আমার মা তাদের নামে বাড়ির জমি লিখে দিচ্ছি না বলে তাদের স্ত্রী ও সন্তানদের দিয়ে আমার মায়ের ওপর হামলা করিয়েছে| আমি এগিয়ে গেলে আমাকেও মারধর করে| এর আগেও তারা আমার মাকে একাধিকবার মারধর করেছে| এ ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হবে| আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই |

এদিকে হামলায় অভিযুক্ত মো. রিপন জানান, দাদার মৃত্যুর আট বছর পার হলেও দাদী ফয়জুননেসা তাদেরকে ওয়ারিশি কোনো সম্পদ বুঝিয়ে দিচ্ছেন না| এটা নিয়ে দাদীর সঙ্গে তাদের বিরোধ রয়েছে| তবে, ঘটনার সময় সিমের চারা রোপন নিয়ে তার মা ও চাচীর সঙ্গে দাদী ফয়জুননেসার কথা কাটাকাটি হয়েছে| মারধরের কোনো ঘটনা ঘটেনি|

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, ঘটনাটি তিনি শুনেননি| এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি| অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *