লক্ষ্মীপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে, প্রাথমিক তদন্তে সত্যতার আলামাত পাওয়ার দাবি পুলিশের
দিগন্তের আলো ডেস্ক:-
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ফয়সাল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানান,মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে ফয়সালকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেপ্তার ফয়সাল গোপীনাথপুর এলাকার জিল্লাল হোসেন ওরফে বিল্লাল হোসেনের ছেলে।
মামলার এজাহার ও পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বাদীর মেয়ে এবং অভিযুক্ত ফয়সাল তাদের পাশাপাশি বাড়ির বাসিন্দা। অভিযোগ রয়েছে, ফয়সাল কিছুদিন ধরে ওই শিশুকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার দিন ৬ সেপ্টেম্বর শিশুটির মা বাজারে গেলে তার অনুপস্থিতির সুযোগে ফয়সাল বসতঘরে প্রবেশ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় শিশুটি চিৎকারের চেষ্টা করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে এবং চিৎকার করলে হত্যার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির মা বাজার থেকে ফিরে ঘরে প্রবেশের সময় অভিযুক্তকে দেখতে পান। এ সময় ফয়সাল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দৌড়ে পালানোর সময় দেখতে পান।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপীনাথপুর এলাকায় স্থানীয় লোকজন ফয়সালকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। পুলিশের প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।