দিগন্তের আলো ডেস্ক ;-
লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে না পেরে এবং পাইকারি ক্রেতার সংকটে শেষ পর্যন্ত তা মাটিতে পুঁতে ফেলেছে একটি মাদরাসা কর্তৃপক্ষ।
চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রামনগর মাদিনাতুল উলুম দাখিল মাদরাসায় এই ঘটনা ঘটে। দীর্ঘ সময় চামড়াগুলো সংরক্ষণে রাখতে না পেরে এবং দুর্গন্ধ ছড়ানো ও পচে যাওয়ার আশঙ্কায় পরিবেশ রক্ষার স্বার্থে প্রায় ১৫০টি চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়।
মাদরাসা পরিচালনা কমিটি জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও মাদরাসার নিজস্ব ফান্ড থেকে অর্থ ব্যয় করে, শ্রমিক নিয়োগ ও গাড়ি ভাড়া করে বিভিন্ন বাড়ি থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়েছিল।
কিন্তু দিনভর অপেক্ষা করেও কোনো পাইকারি আড়তদার বা ক্রেতা না পাওয়ায় বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। চামড়া বিক্রি করতে না পারায় মাদরাসাটিকে বড় ধরনের আর্থিক লোকসান ও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং যথাযথ সংরক্ষণ ও কার্যকর বাজার ব্যবস্থাপনার অভাবকে দায়ী করছেন অনেকে। এ বিষয়ে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তাঁর জানা ছিল না এবং জেলায় পর্যাপ্ত চামড়া সংরক্ষণের ব্যবস্থা ছিল।
এই উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট মাদরাসা সুপারের সাথে কথা বলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।