লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠন করে সরকারি গেজেট প্রকাশ

চন্দ্রগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে উল্লিখিত চন্দ্রগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো- বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী। এসব ইউনিয়নের সমন্বয়ে নতুন উপজেলা প্রশাসন পরিচালিত হবে।

গেজেট অনুযায়ী, জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) অনুমোদনের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন মোট ৯টি ইউনিয়ন নিয়ে নতুন এ উপজেলার প্রশাসনিক কাঠামো গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত সরকারি আদেশ প্রকাশিত হয়।

গেজেটে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি, জনসংখ্যার চাপ হ্রাস এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নতুন উপজেলার সীমানা, প্রশাসনিক কাঠামো, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করা হবে। উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের বিষয়েও পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে এবং জনগণের সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সময় ও ব্যয় উভয়ই কমবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *