দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোস্তাফিজুর রহমান ওই এলাকার মরহুম বাচ্ছু মিয়ার ছোট ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকাবাসী দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনের মাঠে ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো ছিল।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।