লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-মাদকসহ দুই যুবক গ্রেপ্তার
দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র, কার্তুজ ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ এলাকাবাসী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার (৫ জুন) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে গোপীনপুর সাকিনের শাখা বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর মডেল থানার একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মো. রঞ্জু (৩১) ও মো. হোসেন ওরফে শাখা (২৮) নামে দুই যুবককে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৩টি কার্তুজ, ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে লক্ষ্মীপুর মডেল থানার এসআই মো. হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।