- দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরকলাকোপা এলাকায় একটি সালিসি বৈঠকে হামলার ঘটনায় উপজেলা যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাসহ অন্তত ৩১ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে চরকলাকোপা গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মেঘনা নদীর তীরে ঘুরতে আসা কিছু নারী দর্শনার্থীর ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে হামলা ও মারধরের ঘটনায় উপজেলা ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাসহ উভয় পক্ষের মোট ৩১ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।