লক্ষীপুরে শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে

কমলনগর

দিগন্তের আলো ডেস্ক:-

লক্ষ্মীপুরের রামগতিতে ঈদে নানার বাড়িতে বেড়াতে আসা (১০) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আনিসুর রহমান মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ জুন) দুপুরে মামুনকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার মামুন রামগতি উপজেলার পূর্ব চরসীতা এছাক পাটোয়ারী বাড়ির জহির উদ্দিনের ছেলে। সোমবার (১ জুন) বিকেলে তাকে একই এলাকা থেকে আটক করে পুলিশ। পরে ভিকটিমের নানী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, ভুক্তভোগী শিশুর বাড়ি রামগঞ্জ উপজেলার হাজিরপাড়া এলাকায়। ঈদের ছুটিতে সে তার নানা বাড়ি রামগতির চরসীতা গ্রামে বেড়াতে যায়। সোমবার দুপুরে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে মামুন তাকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে সে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ অভিযান চালিয়ে মামুনকে আটক করে। পরে রাতে ভিকটিমের নানী বাদী হয়ে রামগতি থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় মামুনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। 

এ ঘটনায় শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার ছোট্ট মেয়েটা আনন্দের সাথে নানার বাড়িতে ঈদ করতে এসেছিল। কিন্তু এই নরপশু মামুন আমার মেয়ের জীবনটা এভাবে বিষিয়ে দিল। আমি একজন মা হিসেবে মামুনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। 

ভুক্তভোগী শিশুর নানা বলেন, আমার নাতিন বেড়াতে এসেছিল। তাকে মামুন জোরপূর্বক ধর্ষণ করে। আমরা মামুনের সর্বোচ্চ শাস্তি চাই। 

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, আটক মামুনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলা তদন্ত অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *