ঈদের পোশাক কিনতে এসে প্রাণ হারালেন কলেজ ছাত্র

রামগঞ্জ

 

দিগন্তের আলো ডেস্ক:-

ইনসেটে লক্ষ্মীপুরের রামগঞ্জে আল মনসুর ড্রাগ হাউজের ছাদের অংশ ধসে পড়ে নিহত ফরহাদ হোসেন

লক্ষ্মীপুরের রামগঞ্জে আল মনসুর ড্রাগ হাউজের পুরাতন একটি ছাদের অংশ ধসে পড়ে ফরহাদ হোসেন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন পথচারী আহত হয়েছেন।

রোববার (০৮ মার্চ) বিকেলে রামগঞ্জ শহরের পুলিশ বক্সের পশ্চিম পাশে সোনাইমুড়ি সড়কে অবস্থিত আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা অলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি রামগঞ্জ মডেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঈদের বাজার করতে তিনি মায়ের সঙ্গে বাজারে এসেছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহত ও আহতদের খোঁজখবর নেন।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, আল মনসুর ড্রাগ হাউজের সামনে ফরহাদ হোসেনসহ কয়েকজন পথচারী ও হকার দাঁড়িয়ে ছিলেন। এ সময় দোকানটির পুরাতন ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে ফরহাদ হোসেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *