দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ তিনজন ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে ১৪নং মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজ সংলগ্ন মাছ বাজারের সামনে পাকা সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করে। এ সময় সিএনজিতে থাকা তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
বেলাল হোসেন ওরফে বেলাল (৪৮), পিতা মৃত শাহাব উদ্দিন (হেঞ্জা), মাতা সামছুননাহার বেগম, সাং পাঁচঘরিয়া (সুবের বাড়ী), থানা চাটখিল, জেলা নোয়াখালী;
মোঃ আরিফ (৩৬), পিতা নুরুল ইসলাম, সাং পূর্ব চর মনসা, সলিংয়ের মাথা, ৬নং ওয়ার্ড, থানা লক্ষ্মীপুর সদর, জেলা লক্ষ্মীপুর;
মোঃ ফাহিম (২১), পিতা নুর হোসেন, মাতা নাজমা আক্তার, সাং রাজিবপুর (আব্দুল হাজী বাড়ী), ১৩নং ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা, থানা লক্ষ্মীপুর সদর, জেলা লক্ষ্মীপুর।
পুলিশের তল্লাশিতে তাদের দখল থেকে ০১টি একনলা দেশীয় এলজি বন্দুক ও ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কার্তুজগুলোর মধ্যে ০২টি সবুজ, ০১টি নীল, ০১টি লাল এবং ০১টি কালো রঙের।
পুলিশের ধারণা, আটককৃতরা সংঘবদ্ধভাবে এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তবে পুলিশের তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে