দিগন্তের আলো ডেস্ক :-
ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে দরবার হোটেল, আলাউদ্দিন, তাহেরা ডেন্টাল কেয়ার ও নিউ জান্নাত বেকারি, নামে তিনটি রেস্টুরেন্ট ও একটি বেকারিকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়।
পবিত্র রমজান উপলক্ষে সোমবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে হায়দরগন্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।
নিউ জান্নাত বেকারি ১৫ হাজার, দরবার হোটেল ৫০ হাজার, আলাউদ্দিন হোটেল ১০ হাজার ও তাহেরা ডেন্টাল কেয়ার ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
হায়দরগন্জ বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল । অভিযানে সার্বিক সহযোগিতা করে রায়পুর থানা পুলিশের দল।
ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, রমজানকে কেন্দ্র করে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিষিদ্ধ রঙের ব্যবহার এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার একাধিক প্রমাণ পাওয়া যায়।। এছাড়া কাচ্চিসহ বিভিন্ন ইফতার আইটেম প্রস্তুতেও নিম্নমানের এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়।
অধিদপ্তর জানায়, এসব কর্মকাণ্ড মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ অপরাধে চারটি প্রতিষ্ঠানটিকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকার জন্যও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, রমজান মাস জুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রীর মান, মূল্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকাপাল আহ্বান জানান তিনি।