দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের কমলনগরের বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নিখোঁজের তিনদিন পর কিশোর মাসুম হোসেনের (১৭) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাসুম উপজেলার চর ফলকন জাজিরা এলাকার নুর উদ্দিনের ছেলে। এর আগে গত বুধবার সকালে মেঘনা নদীর চর কাঁকড়ায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে সে নদীতে পড়ে নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা জানায়, বুধবার মাসুম ১৪ বন্ধুকে মিলে পিকনিকের উদ্দেশ্যে মেঘনার বুকে জেগে ওঠা নতুন চরকাঁকড়ায় যায়। সেখানে তাদের ১১ বন্ধু রান্নার কাজে ব্যস্ত ছিল। ওই সময় মাসুমসহ তিনজন নদীতে রেখে আসা তাদের নৌকা দেখতে যায়। পরে মাসুম দুই বন্ধুকে নিয়ে নৌকায় উঠতে গেলে হঠাৎ উঁচু ঢেউ আসে। এতে তিনজনই ভেসে যায়। একপর্যায়ে দুইজন তীরে ফিরে আসলেও মাসুমের খোঁজ মেলেনি। পরে নদীর তীর ও আশপাশে খোঁজ করেও পায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম লেন, নদী থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নদীতে হারিয়ে যায়। নৌ-পুলিশ এ নিয়ে কাজ করছেন। বিষয়টি নিয়ে এ থানায় মামলা হবে।