দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুর শহরের ব্যস্ততম বাজার রোডে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৯ মার্চ) দুপুরে উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্থাপনা বসানো হয়েছে। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।
এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও যানজট সৃষ্টির দায়ে ১১ জন ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সড়কের ওপর স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও জান্নাতুল ছিদ্দিকা রহমান।
অভিযানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং লক্ষ্মীপুর পৌরসভার প্রতিনিধিরা।
অভিযান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।